দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অন্যতম ভরসা এইডেন মারক্রাম ব্যাট হাতে যেমন নির্ভরযোগ্য, মাঠে ফিল্ডিংয়েও তেমনি অসাধারণ। ভারতের বিপক্ষে গুয়াহাটি টেস্টে তার দুর্দান্ত ক্যাচিং দক্ষতা নতুন করে আলোচনায় এসেছে। দুই ইনিংস মিলিয়ে মোট আটটি ক্যাচ নিয়ে তিনি টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডে ভারতের অজিঙ্কা রাহানের পাশে জায়গা করে নিয়েছেন।
প্রথম ইনিংসে মারক্রাম পাঁচটি ক্যাচ নেন, যাদের মধ্যে ছিলেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।
দ্বিতীয় ইনিংসে আরো তিনটি ক্যাচ তুলে নেন তিনি। সেই তালিকায় রয়েছেন সাই সুদর্শন, ধ্রুব জুরেল এবং ঋষভ পন্ত।
এর ফলে রাহানের ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা আট ক্যাচের রেকর্ডে তিনি যৌথভাবে শীর্ষে উঠে আসেন এবং দ্বিতীয় স্থানে থাকা সাতজন ক্রিকেটারকে পিছনে ফেলেন, যাদের প্রত্যেকেরই ছিল সাতটি করে ক্যাচ।
প্রোটিয়া তারকা স্বভাবজাতভাবে একজন দুর্দান্ত অ্যাথলেট।
যা তাকে ফিল্ডিংয়ে অতিরিক্ত সুবিধা দেয়। দ্রুতগতিতে দৌড়ে বলের নিচে অবস্থান নেওয়া এবং সঠিক জায়গায় পৌঁছে কঠিন ক্যাচকে সহজ দেখানোর ক্ষমতা তার রয়েছে।
এছাড়া তার ক্যাচ নেওয়ার কৌশলেও রয়েছে প্রশংসনীয় নিখুঁততা, মাথা স্থির রাখা, শরীরের ভঙ্গি ঠিক রাখা এবং বলের নিচে নিজেকে সেট করে নেওয়া, এগুলোই তাকে পরিণত করেছে দলের সবচেয়ে নিরাপদ ফিল্ডারে।










































