গম্ভীরকে দোষারোপ বন্ধ করুন—সমালোচকদের উদ্দেশে গাভাস্কার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের পর থেকেই ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে সরানোর দাবি জোরালো হয়ে উঠেছে। কলকাতায় প্রথম টেস্ট হারের পর থেকেই সমালোচনা শুরু হয়, আর গুয়াহাটি টেস্টেও বড় ব্যবধানে হারায় সেই সমালোচনা এখন তুঙ্গে। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার সামনে এসে গম্ভীরের পক্ষ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন।

গাভাস্কার বলেছেন, ‘কোচের কাজ কেবল দলকে প্রস্তুত করা, কিন্তু মাঠে নেমে পারফর্ম করা খেলোয়াড়দের দায়িত্ব।

ফলে শুধু হারলেই কোচকে দোষ দেওয়া উচিত নয়।’

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও এশিয়া কাপ গম্ভীরের কোচিংয়ে জিতলেও তখন তাকে কৃতিত্ব দেওয়া হয়নি। তাই এখন হারলে তাকে দোষারোপ করাও ন্যায়সঙ্গত নয়।

গাভাস্কারের ভাষায়, ‘কোচ দলকে প্রস্তুত করতে পারে।

কিন্তু মাঠে নামলে খেলোয়াড়দেরই পারফর্ম করতে হয়। যারা এখন তাকে দোষ দিচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যখন ভারত তার কোচিংয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতল, তখন আপনারা কি তাকে কৃতিত্ব দিয়েছিলেন? এশিয়া কাপ জেতার সময় কি তাকে ধন্যবাদ দিয়েছিলেন?’

ম্যাককালামের উদাহরণ টেনে গাভাস্কারের সমালোচকদের উদ্দেশে আরো বলেন, ইংল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম শুরুতে কেবল লাল বলের কোচ ছিলেন, পরে সব ফরম্যাটে দায়িত্ব পান এবং ভালো ফলও এনে দেন। কিন্তু তখনো কোচকে কৃতিত্ব কমই দেওয়া হয়েছিল, আর দল হারলে সমালোচনা বেশি হয়েছে।

গাভাস্কার যোগ করেন, ‘যদি জেতার সময় কোচকে কৃতিত্ব না দেন, তবে হারলে কেন তাকে দোষ দেবেন? ২২ গজে যারা খেলছে, তারা ভালো না করলে এর দায় কেন কোচের হবে?’

LEAVE A REPLY