আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় তাইজুল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৫ সালের নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম, দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হার্মার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখানো হার্মার ভারতের মাটিতে প্রোটিয়াদের ঐতিহাসিক ২-০ টেস্ট সিরিজ জয়ে মুখ্য ভূমিকা রাখেন। কলকাতা ও গুয়াহাটিতে অনুষ্ঠিত দুই টেস্টে তিনি ৮.৯৪ গড়ে ১৭ উইকেট শিকার করেন।

প্রথম টেস্টে আট এবং দ্বিতীয় টেস্টে নয় উইকেট, যার মধ্যে ছিল বিধ্বংসী ৩৭ রানে ৬ উইকেটও। এসব মিলিয়েই সিরিজসেরা নির্বাচিত হন তিনি।

বাংলাদেশের তাইজুল ইসলামও উজ্জ্বল ছিলেন ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। তিনি ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং দলকে ২-০ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ধারাবাহিক লাইন-লেন্থ ও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দেওয়ার দক্ষতার কারণে তাকেও সিরিজসেরা বেছে নেওয়া হয়।

অন্যদিকে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ দুর্দান্ত সময় কাটিয়েছেন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। ওডিআইতে ৫২ গড়ে ১০৪ রান ও চার উইকেট, আর টি-টোয়েন্টিতে ১১ উইকেট ও ৫২ রান, সব মিলিয়ে পুরো সিরিজেই ছিলেন বেশ কার্যকর। 

LEAVE A REPLY