ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আগামী সপ্তাহের শেষ নাগাদ সিদ্ধান্ত নেওয়া হবে। কাতারে ম্যাচটি আয়োজন করা সম্ভব হবে কি না, এ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার এই আপডেট দেয় সংস্থাটি।
ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনার এই ম্যাচটি মূলত ২৭ মার্চ দোহারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।
তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে কাতারে ম্যাচটি হওয়া এখন অনেকটাই অনিশ্চিত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর জবাবে আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর কাতারের ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, কাতার এই ম্যাচটি দোহাতেই আয়োজন করতে চায়, কারণ আয়োজনে তারা বড় অঙ্কের বিনিয়োগ করেছে। তবে ভেন্যু পরিবর্তন করতে হলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, উয়েফা, কনমেবল, ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মতি প্রয়োজন হবে।
এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে।
ম্যাচটি সফল করতে তারা অসাধারণ প্রচেষ্টা চালিয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা হচ্ছে। এই মুহূর্তে বিকল্প কোনো ভেন্যু বিবেচনায় নেই।’
এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন পরিষ্কার সিদ্ধান্ত চাচ্ছে।
ম্যাচটির আর মাত্র তিন সপ্তাহ বাকি। জুন–জুলাইয়ে উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মার্চের আন্তর্জাতিক বিরতি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
খবর অনুযায়ী, শেষ পর্যন্ত ম্যাচটি লন্ডন, রোম অথবা মিলানে আয়োজন করা হতে পারে। ২০২২ সালের ফিনালিসিমা অনুষ্ঠিত হয়েছিল উয়েম্বলি স্টেডিয়ামে, যেখানে আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল। তবে ২৭ মার্চ ওই স্টেডিয়ামে ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচ হওয়ার সূচি রয়েছে।
অন্যদিকে স্পেন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে আগ্রহী হলেও আন্তর্জাতিক উইন্ডো নষ্ট করতে চায় না, কারণ তিন দিন পর তাদের মিশরের বিপক্ষে ম্যাচ রয়েছে। তাই প্রয়োজনে বিকল্প প্রতিপক্ষের কথাও ভাবা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










































