ফাইল ছবি
তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে বার্ষিক আন্তর্জাতিক আয়োজন, যা এবার বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে আরও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এই ফোরামকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এবারের সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছেন। তবে মূল নজর রয়েছে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দিকে।
এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার তৃতীয় ধাপ। আলোচনায় পক্ষগুলো যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব কাজে লাগিয়ে একটি স্থায়ী সমঝোতার চেষ্টা চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আলোচনায় অংশ নেওয়া দেশগুলো নিজেদের স্বার্থও স্পষ্টভাবে তুলে ধরছে।
এছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা যায়, এই চারটি দেশের বারবার একসঙ্গে বসার আরেকটি লক্ষ্য হলো যুদ্ধ-পরবর্তী সময়ের জন্য অঞ্চল পুনর্গঠনের প্রস্তুতি নেওয়া।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের মতো থাকবে না। নতুন বাস্তবতায় যেমন সুযোগ তৈরি হচ্ছে, তেমনি বাড়ছে চ্যালেঞ্জও। এই অবস্থায় দেশগুলো আলাদা উদ্যোগের বদলে সমন্বিত নীতি নিয়ে এগোতে চাইছে।









































