সংগৃহীত ছবি
আবারও অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের এ খবর জানান। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
চলতি বছরেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।
চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফিরেছিলেন তিনি।
মাঝখানে কিছুটা সুস্থ থাকলেও হঠাৎ আবার অসুস্থতা অনুভব করায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তার ফেসবুক পোস্টে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।
এক বার্তায় অভিনেত্রী অনুরোধ করেছেন, সবাই যেন তার জন্য দোয়া করেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং অভিনয়ে ফিরতে পারেন।









































