ইরানের সঙ্গে লড়াইয়ের কোনো ইচ্ছা নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

পেন্টাগনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে কোনো সরাসরি সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়, তবে ওই জলপথে তেহরানের তথাকথিত একচ্ছত্র আধিপত্য মেনে নেবে না যুক্তরাষ্ট্র।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক একটি বিশেষ নৌ-অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির ওপর ইরানের অবৈধ নিয়ন্ত্রণ বা ‘শ্বাসরোধকারী দখল’ ভাঙতে বদ্ধপরিকর। 

তিনি স্পষ্ট করেন যে হরমুজ প্রণালি উন্মুক্ত করার এই প্রক্রিয়ায় মার্কিন বাহিনীকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না। মূলত বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানি আগ্রাসন থেকে রক্ষা করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, আমরা কোনো লড়াই বা যুদ্ধ খুঁজছি না। ইরান দাবি করে যে তারা এই প্রণালি নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে তাদের সেই দাবি সত্য নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই জলপথের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে। 

পেন্টাগন প্রধানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এক নতুন মাত্রা যোগ করল। কূটনৈতিক মহলের মতে, সরাসরি যুদ্ধের পথে না গিয়েও ইরানকে কৌশলগতভাবে চাপে রাখার নীতি গ্রহণ করেছে পেন্টাগন।

সূত্র: আল-জাজিরা।

LEAVE A REPLY