‘দেশদ্রোহী’ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হামাদান প্রদেশে বেশ কয়েকজন ব্যক্তির সম্পদ জব্দ করেছে ইরানের বিচার বিভাগ, জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের এই প্রদেশে দেশের বিরুদ্ধে কাজ করা ৪০ জনের সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এসব ব্যক্তি প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত ছিল। একটি শত্রুপক্ষের সহযোগী নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ।
জব্দ করা সম্পদের মধ্যে কী ধরনের সম্পদ রয়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, এসব সম্পদ এখন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, জব্দ করা সম্পদ যুদ্ধ ও সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, হাসপাতাল, বিজ্ঞান কেন্দ্র, স্কুল, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবা কেন্দ্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে ব্যয় করা হবে। এতে সাধারণ মানুষের সেবায় এসব সম্পদ ব্যবহৃত হবে।










































