যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ১২৯ মিলিয়ন ডলারের ক্ষতি ইরানে

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের মানবিক কার্যক্রমে ব্যাপক ক্ষতি হয়েছে- জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেইসাম আফশার।

আফশার বলেন, এই হামলায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০ ট্রিলিয়ন তোমান, যা আন্তর্জাতিক মুদ্রায় প্রায় ১২৯ মিলিয়ন ডলার। তার মতে, এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, বরং জরুরি চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমেও বড় প্রভাব ফেলেছে।

তিনি জানান, রেড ক্রিসেন্টের মোট তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে একটি হেলিকপ্টার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই একটি হেলিকপ্টার ধ্বংসের কারণে একাই প্রায় ১,৫০০ বিলিয়ন তোমান বা প্রায় ১৯.৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হামলায় সংস্থাটির ৪৯টি জরুরি সেবার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৫৬টিরও বেশি স্থাপনায় আঘাত লাগে, যার মধ্যে অনেকগুলো জরুরি সেবা ও ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হতো।

রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, এসব ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সংস্থাটি পরিস্থিতি মোকাবিলায় পুনর্গঠন ও জরুরি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

LEAVE A REPLY