সংগৃহীত ছবি
ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।সোমবার (২২ জুন) সকালে লেইতে প্রদেশের তাকলোবান শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল নয়টার দিকে সান হোসে ন্যাশনাল হাইস্কুলের ভেতরে দুই কিশোর শিক্ষার্থী হঠাৎ গুলিবর্ষণ শুরু করলে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বয়স ১৪ ও ১৫ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার পরপরই ঘটনাস্থল থেকে দুই কিশোরকে আটক করা হয়।বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক, তাই অভিভাবকদের উপস্থিতিতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনার পর শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে শ্রেণিকক্ষের ভেতরে ছুটে যায়। ভিডিওতে আতঙ্কিত শিক্ষার্থীদের কান্না ও চিৎকারও শোনা যায়।পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহপাঠীদের বুলিং বা নির্যাতনের শিকার হওয়ার জেরে অভিযুক্তরা হামলার পথ বেছে নিতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তিনি আরো জানান, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে সেগুলো স্কুল প্রাঙ্গণে আনা হয়েছে- তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের কার্যক্রমও চলমান রয়েছে।
ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘাত ও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতার ঘটনা প্রায়ই ঘটলেও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা খুব বিরল।










































