ফিফার প্রস্তাব প্রত্যাখান কনক্যাকাফের। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের জন্য বেসরকারি বিনিয়োগকে যুক্ত করার প্রস্তাব ফিফার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন প্রস্তাবকে না জানিয়েছে উয়েফা।শুধু না-ই করেনি ফিফাকে হুমকিও দিয়েছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
এবার উয়েফার সুরেই কথা বলেছে কনক্যাকাফ। বিশ্বকাপ বয়কট করার হুমকি না দিলেও উত্তর-মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি ফিফার দেওয়া প্রস্তাব প্রত্যাখান করেছে। গত বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
কনক্যাকাফ বিবৃতিতে লিখেছে, ‘প্রস্তাবটি উপস্থাপনের পর পুরো প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৈঠকে সদস্যরা। এত কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং ফিফার পরিচালনা কাঠামোর কোনো পর্যালোচনা বা অনুমোদন ছাড়াই প্রস্তাবটি প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও ফিফার কর্মসূচি পরিচালনার জন্য কেন বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, সেই প্রশ্নও উঠেছে। সঙ্গে আলোচনা আরও বেশি স্বচ্ছতা এবং সুশাসনের প্রয়োজনীয়তাকেই সামনে এনেছে।এসব কারণেই কনক্যাকাফের ৪১টি সদস্যদেশ ফিফার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।’
ফিফার প্রস্তাব ছিল, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে প্রায় ৪০ হাজার কোটি টাকা তোলা সম্ভব হবে। সেই অর্থ ‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রামে’র মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলোর উন্নয়নে খরচ করা হবে।
এমন প্রস্তাবের বিপরীতে এক বিবৃতিতে উয়েফা স্পষ্ট করে জানিয়ে দেয়, ‘ফিফা এমন একটি সীমারেখা পার করতে চাচ্ছে, যা পার হওয়া উচিত নয়। ফুটবলের স্বত্বা বিক্রি করা যায় না।আমরা কেউ ফুটবলের মালিক নই। ফুটবল ফিফার সম্পত্তি নয়। তাই ওরা কিছুই বিক্রি করতে পারে না।’










































