গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

রেকর্ড তাপমাত্রা ও দীর্ঘ খরা থেকে সৃষ্ট দাবানলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। গ্রীষ্মের এই চরম আবহাওয়ায় সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে গ্রিস, ফ্রান্স, স্পেন ও হাঙ্গেরি। 

সম্প্রতি গ্রিসে আগুন নেভানোর কাজে যুক্ত দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। 

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে এবং আতিকা অঞ্চলের পসাথা এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, একটি হেলিকপ্টারে থাকা গ্রিক ও ডেনিশ নাগরিক ঘটনাস্থলেই মারা যান। অন্য হেলিকপ্টারে থাকা দুই ব্যক্তি (একজন গ্রিক ও একজন ব্রিটিশ নাগরিক) অলৌকিকভাবে বেঁচে গেছেন। কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। 

আতিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মেগারা শহরের দিকে এগোচ্ছে আগুন 

বোয়োটিয়া অঞ্চল থেকে শুরু হওয়া এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আতিকায়। বাতাস ও দাবানলের তীব্রতায় প্রায় ১০০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পবন বিদ্যুৎ কেন্দ্র থেকে মূল গ্রিডে বিদ্যুৎ সরবরাহের একটি বেসরকারি লাইনে স্ফুলিঙ্গের কারণে আগুনের সূত্রপাত হয়। এই অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে, ৩০,০০০ জনসংখ্যার মেগারা শহরের দিকে আগুন অগ্রসর হতে থাকায় আশপাশের এলাকায় চরম সতর্কতা জারি করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। 

পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। 

LEAVE A REPLY