বাংলাদেশকে নিজের ঘর বললেন রবার্তো কার্লোস

ছবি : ভিডিও থেকে নেওয়া

শুধু ব্রাজিলই নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লেফটব্যাক ভাবা হয় রবার্তো কার্লোসকে। বাঁ পায়ের সেই অবিশ্বাস্য রকেট শট আর অপ্রতিরোধ্য গতি দিয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করা এই ব্রাজিলিয়ান কিংবদন্তির অনুরাগী ছড়িয়ে আছে বাংলাদেশেও।অন্যদিকে, হাজার মাইল দূরের এই ছোট্ট লাল-সবুজের দেশটিকেও বড্ড আপন করে নিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার পোস্ট করা এক বিশেষ ভিডিও বার্তায় বাংলাদেশকে সরাসরি নিজের ‘ঘর’ বা ‘বাড়ি’ হিসেবে আখ্যা দিলেন কার্লোস! 

ব্রাজিলের হলুদ জার্সিতে বিশ্বজয় করা এই ডিফেন্ডার তার বর্ণিল ক্যারিয়ারের সোনালী সময়টার এক দশকেরও বেশি সময় কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। স্বাভাবিকভাবেই তার হৃদয়ের বড় একটা অংশ জুড়ে রয়েছে ব্রাজিল ও স্পেন। তবে ওই ভিডিও বার্তায় পর্তুগিজ ভাষায় কথা বলার পর বেশ পরিষ্কার ইংরেজিতে হাসিমুখে কার্লোস বললেন—‘বাংলাদেশ ইজ মাই হাউস, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।’ যেন বুঝিয়ে দিলেন, প্রিয় দুটি দেশের পরপরই বাংলাদেশের অবস্থান তার মনে।

বাংলাদেশে ফুটবল উন্মাদনার ইতিহাস বেশ পুরোনো, বিশেষ করে ব্রাজিল ফুটবল দলের ভক্ত-সমর্থকের সংখ্যা এখানে অগণিত। ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ব্রাজিল ফুটবলপ্রেমীদের সেই নিঃশর্ত ভালোবাসার চিত্র চোখ টেনেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর। লাল-সবুজের বুকে সেলেসাওদের জয়ের উন্মাদনা নাড়া দিয়েছিল স্বয়ং ব্রাজিলিয়ান ফুটবলারদেরও।

উত্তর আমেরিকা বিশ্বকাপের সময় ব্রাজিলের তারকা মিডফিল্ডার ব্রুনো গুইমারেসও সংবাদ সম্মেলনে বাংলাদেশে ব্রাজিলের এই বাঁধভাঙা সমর্থনের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। পরে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে গুইমারেস প্রকাশ করেন এক চমকপ্রদ তথ্য। 

তিনি জানান, ড্রেসিংরুমে বসে ব্রাজিল দলের ফুটবলাররা নিজেরাও নাকি বাংলাদেশিদের সেই উল্লাসের ভিডিওগুলো একে অপরকে শেয়ার করে দেখেন! 

LEAVE A REPLY