সংগৃহীত ছবি
ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার ঠিক আগের মুহূর্তে বড়সড় দুঃসংবাদ পেল পাকিস্তান শিবির। প্রস্তুতি ম্যাচে ডান হাতে চোট পেয়েছেন অধিনায়ক বাবর আজম।সিরিজ শুরুর মাত্র কয়েক দিন আগে পাওয়া এই আঘাতে ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই তারকা ব্যাটারের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কেন্টের বেকেনহামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে সফরকারী পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু ইনিংসের শুরুতেই মাত্র ৫ রান করার পর ডান হাতে আঘাত পান বাবর।চোট এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে সঙ্গে সঙ্গেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
বাবরের এমন হঠাৎ ইনজুরি পাকিস্তান ড্রেসিংরুমে তৈরি করেছে চরম অস্বস্তি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য তাৎক্ষণিকভাবে বড় ধরনের শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি ম্যাচের বাকি অংশে বাবর আর মাঠে নামবেন না।তবে সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে দলের নির্ধারিত অনুশীলন সেশনে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সোমবার অনুশীলনে যোগ দেওয়ার পরই জানা যাবে বাবরের চোটের প্রকৃত অবস্থা কতটা গুরুতর এবং বুধবার থেকে শুরু হতে যাওয়া হেডিংলি টেস্টে তিনি একাদশে থাকতে পারবেন কি না।
সাম্প্রতিক সময়ে ব্যাটে দারুণ ছন্দে ছিলেন পাকিস্তানি অধিনায়ক। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ১-১ ব্যবধানে ড্র হওয়া টেস্ট সিরিজে দুটি মূল্যবান ফিফটি হাঁকিয়ে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ইংলিশ কন্ডিশনে বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারের ওপর অনেকটাই নির্ভর করছিল সফরকারীদের কৌশল।
এদিকে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের টেস্টের পরিসংখ্যান সুখকর নয়। সবশেষ ১৯৯৬ সালে ইংলিশদের ডেরায় গিয়ে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস তৈরি করেছিল তারা। তিন দশকে পৌঁছাতে যাওয়া সেই দীর্ঘ খরা কাটাতে বাবরকে নিয়েই মাস্টারপ্ল্যান সাজিয়েছিল পিসিবি।









































