সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ছয় পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), আইআরজিসির নৌবাহিনী এবং বাসিজ প্রতিরোধ বাহিনীতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব নিয়োগের কথা জানানো হয়। পৃথক আদেশে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডার ও কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী, মেজর জেনারেল আলী আবদোল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারিকে করা হয়েছে ডেপুটি চিফ অব স্টাফ।এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক করা হয়েছে। মেজর জেনারেল মোস্তফা ইজাদিকে আইআরজিসির ডেপুটি সর্বাধিনায়ক করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আলী আজমেই। অন্যদিকে বাসিজ মোস্তাজাফান সংস্থার প্রধান করা হয়েছে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হোসেইন তাইয়েবকে।
ইরানের সর্বোচ্চ নেতার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর ছয়জন জ্যেষ্ঠ কমান্ডার ও কর্মকর্তার দায়িত্ব নির্ধারণ করে পৃথক আদেশ দিয়েছেন খামেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আবদোল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কিউমার্স হেইদারিকে ডেপুটি চিফ অব স্টাফ করা হয়েছে। আহমাদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে আইআরজিসির সর্বাধিনায়ক করা হয়েছে। একই সঙ্গে মোস্তফা ইজাদিকে বাহিনীর ডেপুটি সর্বাধিনায়ক করা হয়েছে। এ ছাড়া আলী আজমেইকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইয়েবকে বাসিজ মোস্তাজাফান সংস্থার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন এই নিয়োগের ফলে ইরানের সামরিক কমান্ড কাঠামোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। বিশেষ করে দেশটির সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি এবং এর নৌবাহিনীতে নতুন নেতৃত্ব এসেছে।
নতুন সামরিক নিয়োগের সময় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ সোমবার পেজেশকিয়ানের এই বক্তব্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট বলেন, খামেনির সঙ্গে তার ‘খুব ভালো বৈঠক’ হয়েছে। এর আগে মোজতবা খামেনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়িকে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।
রবিবার প্রকাশিত এক আদেশে এই নিয়োগের কথা জানানো হয়। এর মাধ্যমে মোহাম্মাদ বাকের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন রেজায়ি। নিয়োগের ঘোষণা দিয়ে মোজতবা খামেনির নামে পরিচালিত একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়, রেজায়ির দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা বিবেচনা করেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রেজায়ি ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডারদের একজন ছিলেন। ওই যুদ্ধকে ইরানে ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ’ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলী লারিজানি। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে একসঙ্গে নতুন নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদেও পরিবর্তন আনা হয়েছে। ফলে ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের পুনর্বিন্যাসের বিষয়টি সামনে এসেছে।











































