ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি

ফুটবল মাঠের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি। কিন্তু মাঠের বাইরে সহমর্মিতা জানাতে এতটুকু কার্পণ্য করেননি।সম্প্রতি বাবা হোর্হে মেসিকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির শেয়ার করা আবেগঘন বার্তায় ক্রিস্টিয়ানো রোনালদোর ভালোবাসামাখা এক মন্তব্যে হৃদয় গলেছে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের। পর্তুগিজ সুপারস্টারের সেই মানবিক বার্তাটি এখন ইনস্টাগ্রামের ইতিহাসেই সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া কমেন্টের বিশ্বরেকর্ড গড়েছে।

বাবার প্রয়াণে মেসির দেওয়া পোস্টের জবাবে রোনালদো লিখেছিলেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের জন্য রইল পরম উষ্ণ সমবেদনা, লিও। শক্ত থাকো।’ প্রকাশের মাত্র তিন দিনেরও কম সময়ের মধ্যে রোনালদোর সেই মন্তব্যটিতে পড়ে ৬.৫ মিলিয়ন বা ৬৫ লাখের বেশি লাইক। যা ইনস্টাগ্রাম অ্যাপের ইতিহাসে একক কোনো কমেন্টে পড়া সর্বোচ্চ লাইকের রেকর্ড। 

আকর্ষণীয় বিষয় হলো, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের আগের রেকর্ডটিও ছিল খোদ রোনালদোর দখলে। ২০২৪ সালে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে রোনালদো কমেন্ট করেছিলেন— ‘এবার আমার দেখার পালা।বার্নাব্যুতে তোমাকে জ্বলে উঠতে দেখার অপেক্ষায় রইলাম।’ ২০২৫ সালের শেষ দিকে সেই কমেন্টটি ৬০ লাখ (৬ মিলিয়ন) লাইকের মাইলফলক স্পর্শ করেছিল। 

তবে, মাঠের লড়াই ভুলে মেসির এমন শোকবিহ্বল মুহূর্তে রোনালদোর এগিয়ে আসা এবং এই সংহতি দুই মহাতারকার ভক্তদের মাঝে এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছে।
 

LEAVE A REPLY