বোল্ড হওয়া কোনো ব্যাটারকে এভাবে স্টাম্প ঠিক করতে দেখেননি গিলক্রিস্ট

সংগৃহীত ছবি

ক্রিকেট মাঠে যে কত রকমের অদ্ভুত ও বিচিত্র কাণ্ড ঘটে, তার কোনো ইয়ত্তা নেই! তবে ডারউইন টেস্টে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ট্রাভিস হেড যা করলেন, তা দেখে দীর্ঘ ক্রিকেটজীবনে নিজের চোখে কখনো এমন দৃশ্য দেখেননি বলে অকপটে স্বীকার করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। টাইগার স্পিডস্টার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে চরম হতাশায় পড়ে যাওয়া স্টাম্পের বেল তুলে আবার জায়গা মতো বসিয়ে দেন হেড!

ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের চমৎকার একটি গুড লেংথ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল।কাট শট খেলতে গিয়ে ব্যাটের ইনসাইড-এজ করে বসেন অজি ওপেনার হেড। বল সরাসরি আঘাত হানে স্টাম্পে। ৩৫ বলে ১৭ রান তুলে মাঠ ছাড়তে হয় তাকে। উল্লেখ্য, প্রথম ইনিংসেও এই অজি তারকাকে বোল্ড করে সাজঘরের পথ দেখিয়েছিলেন সেই হাসানই। 

তবে বিপত্তি বাঁধে আউট হওয়ার পরপরই। উইকেট হারানোর পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকেন হেড। এরপর ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করার ঠিক আগে উল্টো ঘুরে মাটিতে পড়ে থাকা বেলটি নিজ হাতে কুড়িয়ে নিয়ে আবার স্টাম্পের ওপর বসিয়ে দেন। মাঠের ভেতরের এমন অভূতপূর্ব ও সচরাচর না দেখা দৃশ্যে সবাই অবাক হয়ে যান।

ধারাভাষ্যের দায়িত্বে থাকা অজি গ্রেট অ্যাডাম গিলক্রিস্টও হেডের এমন কাণ্ড দেখে বিস্ময় চেপে রাখতে পারেননি। তিনি বলেন, ‘আমার পুরো ক্রিকেট জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি! একজন ব্যাটার আউট হয়ে এতটাই হতাশ যে, সে ঘুরে দাঁড়িয়ে আবার স্টাম্পের বেল ঠিক করে রেখে যাচ্ছে।’ 
একই সঙ্গে টাইগার পেসারের সুইং ও নিখুঁত বোলিংয়ের প্রশংসা করে অজিদের বিশ্বকাপজয়ী সাবেক এই উইকেটকিপার-ব্যাটার আরো বলেন, ‘দারুণ! হাসান মাহমুদ আবারও কাজটা করে দেখাল। ওর এই বোলিং এক কথায় অসাধারণ।’
 

LEAVE A REPLY