সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে একাধিক ব্যক্তিগত ও দলগত ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে বিশেষ একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার সামনে, যা অতীতে কোনো ভারতীয় অধিনায়কের ঝুলিতে জমা পড়েনি।
টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের অভিজাত ক্লাবে যোগ দিতে ২৬ বছর বয়সী এই ব্যাটারের প্রয়োজন আর মাত্র ৩১ রান। তবে আসল আকর্ষণ অন্য জায়গায়—চলতি টেস্টে যদি তিনি অন্তত ৫০ রানের ইনিংস খেলতে পারেন, তবে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) একটি একক চক্রে ১,০০০ রান করার অনন্য রেকর্ড গড়বেন গিল। ২০২৫-২৭ ডাব্লিউটিসি চক্রে তার বর্তমান সংগৃহীত রান ৯৫০।
এর আগে এই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন বিরাট কোহলি, যিনি ২০১৯-২১ ডাব্লিউটিসি চক্রে অধিনায়ক হিসেবে ৯৪৪ রান করেছিলেন।এ ছাড়া যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা একক ডাব্লিউটিসি চক্রে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেও কেউই সে সময় পূর্ণকালীন অধিনায়কের দায়িত্বে ছিলেন না।
শুধু তা-ই নয়, ডাব্লিউটিসির পুরো ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে সব চক্র মিলিয়ে যৌথভাবে ৩,০০০ রান স্পর্শ করার সুযোগও রয়েছে গিলের সামনে। সেই ঐতিহাসিক অর্জনের জন্য তার আর প্রয়োজন ১৫৭ রান।
গত বছর ভারতের টেস্ট অধিনায়কের ব্যাটন হাতে নেওয়া গিল শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের ৬০০তম টেস্টে নেতৃত্ব দেওয়ার বিশেষ অনুভূতির কথা প্রকাশ করেন।তিনি বলেন, ‘দেশের হয়ে যেকোনো টেস্টে নেতৃত্ব দেওয়াটা অনেক বড় সম্মান ও গৌরবের বিষয়। আর ভারতের মতো দেশের ৬০০তম ঐতিহাসিক টেস্টে অধিনায়কত্ব করা এবং সেটিও স্বাধীনতা দিবসের দিনে হওয়া—আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত বিশেষ এক অনুভূতি।’
অধিনায়কত্বের প্রথম বছর পার করার অভিজ্ঞতা নিয়ে গিল বলেন, ‘আমি এই দায়িত্বের সঙ্গে এখন বেশ মানিয়ে নিয়েছি। গত এক বছরে আমরা যেভাবে ধাপে ধাপে এগোচ্ছি, তা সত্যিই আনন্দের। আমার বিশ্বাস, আমরা সঠিক পথেই এগোচ্ছি।’










































