কেন মাসকারা দেওয়ার সময় মুখ হা হয়ে যায়

ছবি : পিন্টারেস্ট

মাসকারা দিতে গেলেই কি অজান্তে মুখটা হা হয়ে যায়? আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পাপড়ি সাজাতে গিয়ে অনেকেই হঠাৎ খেয়াল করেন, মনোযোগ দিতে দিতে মুখের ভঙ্গিই বদলে গেছে। বিষয়টি দেখতে মজার হলেও এর পেছনে খুব অস্বাভাবিক কিছু নেই।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবার ক্ষেত্রে এমন হয় না এবং এটি কোনো সমস্যা বা রোগের লক্ষণও নয়।

চোখের পাপড়ি আর মুখের মধ্যে সম্পর্ক কোথায়?

মাসকারা লাগানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখকে যতটা সম্ভব খোলা ও স্থির রাখা। কারণ চোখের পাতায় মাসকারার ব্রাশ লেগে গেলে অস্বস্তি হতে পারে। তাই অনেকেই অজান্তে চোখ বড় করে রাখেন এবং চোখের পেশিগুলোকে স্থির রাখার চেষ্টা করেন।

শরীরের পেশি নিয়ন্ত্রণকারী কিছু স্নায়ু একে অপরের কাছাকাছি অবস্থান করে। এ কারণে চোখের পাতা ও মুখের নড়াচড়ার সঙ্গে সম্পর্কিত স্নায়ুর সংকেতের মধ্যে কখনো কখনো সমন্বয়হীনতা বা ‘cross-firing’ হওয়ার একটি তত্ত্ব রয়েছে। এর ফলে চোখ খোলা রাখার চেষ্টা করার সময় কারও মুখের পেশিও অজান্তে সক্রিয় হয়ে মুখ খুলে যেতে পারে।

বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ ব্লাঙ্কা কোবের ব্যাখ্যা অনুযায়ী, এই ধরনের মুখ খোলা অনেক সময় অবচেতনভাবে ঘটে।অর্থাৎ, মানুষ নিজেই বুঝতে পারেন না যে তিনি মুখ হা করে রেখেছেন।

জজ
ছবি : পিন্টারেস্ট 

মেকআপ যতটা সাজ, ততটাই দক্ষতার বিষয়

মেকআপ এখন শুধু শখ বা সাজগোজের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি দক্ষতা, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরো নিখুঁত করা যায়। বিশেষ করে চোখের মেকআপে হাতের নিয়ন্ত্রণ, নির্ভুলতা, ধৈর্য ও অভ্যাস গুরুত্বপূর্ণ।

বর্তমানে অনেকেই মেকআপকে পেশা হিসেবেও বেছে নিচ্ছেন।বিউটি ও মেকআপ ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি ব্রাইডাল মেকআপ, ফ্যাশন শুট, ফটো শুট, টেলিভিশন ও চলচ্চিত্রের মেকআপসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হয়েছে। ফলে মেকআপের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে নিয়মিত চর্চার গুরুত্বও বাড়ছে।

অনুশীলন বাড়ার সঙ্গে সঙ্গে চোখের কাছাকাছি ব্রাশ বা অন্য মেকআপ টুল ব্যবহারে হাতের নিয়ন্ত্রণও স্বাভাবিকভাবে উন্নত হতে পারে। তাই শুরুতে কারো মুখের ভঙ্গি একটু বদলে গেলেও সেটি নিয়ে চিন্তার কারণ নেই।

সবাই কি মুখ হা করে?

একদমই নয়। কেউ মাসকারা লাগানোর সময় মুখ হা করে রাখতে পারেন, আবার কেউ খুব স্বাভাবিকভাবেই মুখ বন্ধ রেখে নিখুঁতভাবে মেকআপ করতে পারেন। এটি ব্যক্তিভেদে মনোযোগের ধরন, অভ্যাস ও মেকআপ করার দক্ষতার ওপর নির্ভর করতে পারে।

তাই ‘মাসকারা দিলেই মুখ হা হয়ে যায়’—এভাবে বিষয়টিকে সবার ক্ষেত্রে প্রযোজ্য বলা ঠিক হবে না। বরং বলা যায়, কিছু মানুষের ক্ষেত্রে সূক্ষ্ম মেকআপ করার সময় এমন একটি অনিচ্ছাকৃত অভ্যাস দেখা দিতে পারে।

্‌
ছবি : পিন্টারেস্ট

সমস্যা না, বরং মজার এক অভ্যাস

শুধু মাসকারা লাগানোর সময় মুখ হা হয়ে গেলে সাধারণত সেটিকে সমস্যা হিসেবে দেখার কারণ নেই। এটি অনেকের ক্ষেত্রে মনোযোগের সময় তৈরি হওয়া স্বাভাবিক একটি অভ্যাস।

তাই আয়নার সামনে মাসকারা দিতে গিয়ে নিজের মুখ হা অবস্থায় দেখে অবাক হওয়ার কিছু নেই। কেউ হয়তো চোখের পাপড়ি সুন্দর করার কাজে এতটাই মনোযোগী যে মুখের কথা একেবারেই ভুলে যান!

মাসকারা দেওয়ার সময় মুখ হা—সবার নয়, কারো কারো অভ্যাস। আর মেকআপ? সেটা এখন নিছক সাজ নয়, অনেকের জন্য দক্ষতা ও পেশারও অংশ।

LEAVE A REPLY