৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সংগৃহীত ছবি

মুম্বাইয়ের অভিজাত মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ রুপিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকা।মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (IGR) নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডস।

চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে আরো ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের বারান্দা।সব মিলিয়ে সম্পত্তিটির আয়তন ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুট।

ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গাও রয়েছে। এই সম্পত্তি কেনার জন্য অক্ষয় খান্নাকে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। নিবন্ধন বাবদ খরচ হয়েছে আরো ৩০ হাজার রুপি।

মুম্বাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত মালাবার হিল শহরটির অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। আরব সাগরের তীরবর্তী এই এলাকায় রয়েছে বিলাসবহুল আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট ও কোলাবার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সঙ্গেও এর ভালো যোগাযোগ রয়েছে।

কয়েক দশকের অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অক্ষয় খান্না। ‘হামরাজ’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘দৃশ্যম’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।

সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন অক্ষয়। সিনেমাটিতে তার সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এর আগে ‘ছাভা’ সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

LEAVE A REPLY