পরের জন্মে নারী নয়, পুরুষ হয়ে জন্মাতে চেয়েছিলেন লতা

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

পুনর্জন্ম হলে নারী নয়, পুরুষ হিসেবে জন্মাতে চেয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। জাভেদ আখতারের সঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে পুনর্জন্ম নিয়ে প্রশ্ন করা হলে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।তবে শুধু পুরুষ হয়ে জন্মানোর ইচ্ছাই নয়, পরের জীবনেও লতা মঙ্গেশকর হয়ে ফিরতে চাননি বলেও জানিয়েছিলেন এই শিল্পী।

পুনর্জন্মের প্রসঙ্গে লতা বলেছিলেন, আবার জন্ম না হলেই তার ভালো। আর যদি সত্যিই পুনর্জন্ম হয়, তাহলে তিনি আর লতা মঙ্গেশকর হতে চান না। এর কারণ জানতে চাওয়া হলে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি জানান, লতা মঙ্গেশকরের জীবনে যে কষ্ট ছিল, তা সবচেয়ে ভালো জানেন লতা নিজেই।

শুধু নিজের পরিচয় বদলানোর কথাই বলেননি লতা। পরের জীবনে তুলনামূলক সাধারণ ও ছোট একটি পরিবারে জন্মানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। আর সেই জীবনে নারী নয়, পুরুষ হিসেবে জন্মাতে চেয়েছিলেন।

yhyu

লতার এই বক্তব্যটি তার পুরনো সাক্ষাৎকার থেকে নেওয়া।সেখানে নিজের জীবনের অভিজ্ঞতা ও পুনর্জন্ম নিয়ে ভাবনার কথা অকপটে জানিয়েছিলেন তিনি।

তবে লতার জীবন ছিল দায়িত্ব ও সংগ্রামে ভরা। মাত্র ১৩ বছর বয়সে কাজ শুরু করেছিলেন তিনি। ১৯৪২ সালে বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর পরিবারের আর্থিক দায়িত্বও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাদের পরিবারের নয়জন সদস্য একসময় একটি ঘরে থাকতেন।অর্থ সাশ্রয়ের জন্য অনেক সময় বাসে না উঠে হেঁটেও যাতায়াত করতেন তিনি।

সংগীতের জগতে প্রতিষ্ঠা পাওয়ার পথটিও সহজ ছিল না। শুরুর দিকে চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয়ের মাধ্যমে পরিবারের পাশে দাঁড়াতে হয় তাকে। ১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমার ‘দিল মেরা তোড়া’ গান দিয়ে বড় সুযোগ পান তিনি। পরের বছর ‘মহল’ সিনেমার ‘আয়েগা আনেওয়ালা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর কয়েক দশক ধরে হিন্দি, বাংলা, মারাঠিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী কণ্ঠ হয়ে ওঠেন লতা।

yhyu

ব্যক্তিজীবনেও নিজের মতো করে পথ চলেছেন তিনি। ১৯৯৯ সালের এক সাক্ষাৎকারে লতা জানিয়েছিলেন, মাত্র ১৩ বছর বয়সে কাজ শুরু করার পর পরিবারের নয়জন সদস্যের জীবিকার দায়িত্ব তার ওপর ছিল। বিয়ের কথা ভাবার মতো সময়ও তিনি পাননি বলে জানিয়েছিলেন। একই সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান এই শিল্পী।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। মৃত্যুর পরও তার পুরনো সাক্ষাৎকার, জীবন ও সংগীতজীবনের নানা অজানা দিক নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি। পুনর্জন্ম নিয়ে তার এই পুরনো কথোপকথনও সেই আগ্রহেরই একটি উদাহরণ।

LEAVE A REPLY