জস বাটলার। ছবি : এএফপি
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দলের নিয়মিত পাঁচ ক্রিকেটার নেই। চোটের কারণে খেলছেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। একই কারণে নেই জশ হ্যাজলউড ও মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস নিয়েছেন আকস্মিক অবসর।
মূল স্টিভেন স্মিথের নেতৃত্বে ‘দ্বিতীয় সারির’ একটা দল নিয়ে টুর্নামেন্ট শুরু করবে অস্ট্রেলিয়া। তার পরও তাদেরকে শিরোপার বড় দাবিদার ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ‘আইসিসি টুর্নামেন্টে তো অস্ট্রেলিয়া সব সময় ভালো পারফর্ম করে। আমরা কঠিন একটা চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।’
অস্ট্রেলিয়া দলে নেই তাদের মূল পেসারদের একজনও। কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডের পরিবর্তে শন অ্যাবটের নেতৃত্বে আছেন সাথান এলিস ও স্পেন্সার জনসনের মতো পেসাররা। কিন্তু এটাকেও খুব বড় সুবিধা মনে করছেন না বাটলার, ‘তাদের (নিয়মিত পেসারদের বদলে যারা এসেছে) খুব ভালো সামর্থ্য আছে ওই ঘাটতি পূরণের।’
কামিন্স না থাকায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে স্মিথ।
এই দ্বিতীয় সারির দল নিয়েও বেশ চাপ মুক্ত তিনি। তার মতে, ‘আপনি যখন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবেন, চাপ থাকবেই। আমাদের যা নেই, তা নিয়ে ভাবছি না। অনেকেই তাদের প্রথম বড় টুর্নামেন্ট খেলবে। তারা ভালো কিছু করতে চায়।আমাদেরও আস্থা আছে ওদের ওপর।’
তবে আজ কঠিন এক লড়াই হবে বলেই মনে করেন বাটলার, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা তো সব সময় থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও হয়। আর চ্যাম্পিয়নস ট্রফির যে ফরম্যাট, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’ প্রায় একই সুর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের কণ্ঠেও, ‘সাদা বলে ইংল্যান্ড কয়েক বছর ধরে দুর্দান্ত খেলেছে। আশা করি কাল (আজ) একটা ভালো ম্যাচ হবে।’











































