সংগৃহীত ছবি
বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু-মিষ্টি অভিজ্ঞতা ও ফুড-ফ্যাশনের দ্বন্দ্বকে ঘিরে নির্মিত হয়েছে অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ফ্যাশনেবল তরুণী ইরা, যার ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্পই মূলত তুলে ধরা হয়েছে ফিল্মটিতে। যে চরিত্রটিতে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান।
আর সেখানে ইরাকে সামলানোর চেষ্টা করা শান্ত স্বভাবের মারুফ চরিত্রে দেখা যাবে সাদ সালমি নাওভীকে।
‘লিটল মিস ক্যাওস’-এ মেট্রোপলিটনের তরুণদের প্রতিনিধিত্ব করেছেন ইরা ও মারুফ। ইরার ঝড়গুলো কীভাবে মারুফের মধ্যে শান্ত একটা ঠিকানা খুঁজে পায়, সেই গল্পই বলতে চেয়েছেন বলে জানান পরিচালক।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ফিল্মটির ট্রেলার ও স্পার্ক।
সেসব ভিডিওতে কিছুটা হলেও পাওয়া গেছে ইরা ও মারুফের রসায়ন। বন্ধুত্ব, ঝগড়া, ভুল বোঝাবুঝি– সবই প্রকাশ পেয়েছে তাদের সংলাপে।
সাদনিমা বিনতে নোমান বলেন, এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্যরা জারা কাজ করেছেন তারাও তরুণ।
এ গল্পে রোমান্স আছে, কমেডি–সার্কাজম আছে। আর আমিই যেহেতু ‘লিটল মিস ক্যাওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন–অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি। মজা করে কাজটি করেছি, আশা করছি ভালোও হয়েছে।
নাওভী বলেন, এই ফিল্মে একটু একটু করে সবকিছুই এসেছে। ফান, ড্রামা, দুষ্টুমি, রোমান্স, বন্ধুত্বসহ নানা অনুভূতির সুন্দর মিশ্রণ হয়েছে সিনেমায়।
দর্শকদের চোখ ফেরাবার সুযোগ নেই। আশা করছি দর্শকদের খুবই ভালো লাগবে। এটা বলার সাহস পাচ্ছি, কারণ আমরা যখন শুটিং করেছি তখনই মনে হচ্ছিল কাজটা মজা হচ্ছে। আমার চরিত্রটাও ডিফরেন্ট এখানে। আমি সাধারণত এনার্জিটিক, ফান লাভিং কাজ করেছি। কিন্তু এখানে আমি একটু ধীরস্থির। চ্যালেঞ্জ ছিল, তাই কাজটি করে মজা লেগেছে।
জানা গেছে, আজ রাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) ওয়েব ফিল্মটি দেশিয় একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প এতে আরো অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, আছেন দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। এছাড়াও রয়েছেন ক্রিস্টাল ডি রোজারিও, আইশা খান, তামজিদ তন্ময় প্রমুখ।










































