নতুন ক্যাম্প ন্যুতে থাকবে মেসির ভাস্কর্য : বার্সা প্রেসিডেন্ট

ছবি : রয়টার্স

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গত সপ্তাহে স্পটিফাই ক্যাম্প ন্যু পরিদর্শনের পর থেকেই বার্সেলোনায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ফুটবল দুনিয়ায় চলছিল জোর আলোচনা। ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির হয়ে নিজের ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে, আর অবসরের পর বার্সেলোনায় ফিরে কোনো ভূমিকা নেওয়ার ইচ্ছা যে আর্জেন্টাইন মহাতারকার আছে তা আগেই সবার জানা।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার এক বই উন্মোচন অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা জানালেন, মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা। 

লাপোর্তা বলেন, ‘আমি নিশ্চিত, মেসি বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকবেই।

ইন্টার মায়ামিতে তার পেশাদার ক্যারিয়ার শেষ হলে তিনি কী করবেন জানি না, তবে তিনি জানেন—বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা। আমরা তার প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা রাখি। 

মেসিকে ঘিরে শ্রদ্ধা জানাতে বার্সেলোনার পরিকল্পনাও চলছে জোরেশোরে। লাপোর্তা ঘোষণা দিয়েছেন, ক্লাবের ইতিহাসে যেভাবে ইয়োহান ক্রুইফ ও লাসলো কুবালার ভাস্কর্য স্থাপন করা হয়েছে, সেভাবেই মেসির জন্যও তৈরি হবে বিশেষ ভাস্কর্য।

তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সবসময়ই আলোচনা হয় যে মেসির জন্য আরো কিছু করা উচিত। ক্রুইফ বা কুবালার মতো মেসিরও একটি ভাস্কর্য থাকা উচিত। তিনি আমাদের ইতিহাসের এমন এক প্রতীক, যাকে সবাই মনে রাখবে।’

লাপোর্তা আরও জানান, ভাস্কর্যের নকশা, অনুমোদন ও পরিবারের সম্মতি—সবকিছু নিয়েই প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘সময় উপযুক্ত হলে এবং নকশা ঠিক হলে আমরা পরিবারের সঙ্গে কথা বলব। বার্সেলোনার ভক্ত হিসেবে আমরা এটি খুব পছন্দ করব। আমার মনে হয় সব বার্সেলোনার ভক্ত লিও মেসির একটি মূর্তি দেখতে পছন্দ করবে যেখানে বার্সেলোনার ইতিহাসের মহান ব্যক্তিত্বরা আছেন।’

LEAVE A REPLY