অস্কারের পর বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান গোল্ডেন গ্লোবস। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলের লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন হলিউডের শীর্ষ তারকারা। আলো-ঝলমলে সন্ধ্যায় পুরনো দিনের গ্ল্যামার ফিরিয়ে আনার পাশাপাশি তারকাদের কালো ও গাঢ় রঙের পোশাক ছিল চোখে পড়ার মতো। একইসঙ্গে অনুষ্ঠানের ৮৩তম আসরে ফ্যাশনের আড়ালে সমসাময়িক রাজনৈতিক বার্তাও উঠে আসে।
কালোর আবেদন
নতুন বিয়ে করা হলিউড তারকা সেলেনা গোমেজ স্বামী বেনি ব্লাঙ্কোর সঙ্গে লাল গালিচায় এসে উচ্ছ্বাস ছড়ান। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’র জন্য সেরা কমেডি অভিনেত্রী বিভাগে মনোনীত সেলেনা পরেছিলেন কালো কলামের গাউন, যার সাদা পালকযুক্ত স্ট্র্যাপলেস নেকলাইন অভিনেত্রীর সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে। সঙ্গে কালো বব হেয়ারস্টাইল তার লুককে পূর্ণতা দেয়।
কালোর ঝোঁক ছিল আরও অনেক তারকার মধ্যেই। ‘ওয়ান ব্যাটল আফটার আদার’-এ অভিনয়ের জন্য প্রশংসিত টেয়ানা টেইলর কাট-আউট ব্যাকলেস কালো শিয়াপারেলি গাউনে আলাদা করে নজর কাড়েন। সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে তার প্রতিদ্বন্দ্বী আরিয়ানা গ্র্যান্ডে (উইকড: ফর গুড) পরেছিলেন কালো টেক্সচারযুক্ত ভিভিয়েন ওয়েস্টউড বলগাউন; সঙ্গে গায়িকার সিগনেচার পনিটেল ও হীরার চোকারে ছিল সরলতা।
‘ওয়েপন্স’-এ খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত অ্যামি ম্যাডিগান টাক্সেডো লুকে ক্রপ করা প্যান্ট ও পেটেন্ট চামড়ার বুটে এক ভিন্নধর্মী উপস্থিতির জানান দেন। ‘ওয়েডনেসডে’ তারকা জেনা ওর্তেগা চরিত্রের গথ স্টাইল ধরে রেখে কালো হাই-নেক ডিলারা ফাইন্ডিকোগলু গাউন পরেন। আর পুরুষ তারকাদের মধ্যে কোলম্যান ডোমিঙ্গো মাথা থেকে পা পর্যন্ত কালো ভ্যালেন্টিনো পোশাকে সবার থেকে আলাদা হয়ে ওঠেন।
ফ্যাশনে সাহসিকতার ইঙ্গিত
ফ্যাশনে সাহসী বার্তা দিতে জেনিফার লোপেজ বরাবরই পরিচিত। এদিন তিনি সাপের চামড়ার ন্যায় নকশা করা ফিগার-হাগিং গাউনে হাজির হন, যার শেষে ছিল মারমেইড ফিশটেল। অন্যদিকে ‘ডাই মাই লাভ’র জন্য সেরা নাট্য অভিনেত্রী বিভাগে মনোনীত জেনিফার লরেন্স পরেছিলেন ফুলের অলংকরণে সাজানো গিভন্সি গাউন।

ফ্যাশনকে ছাড়িয়ে রাজনৈতিক বার্তা
গোল্ডেন গ্লোবসের এ আসরটি রাজনীতির ছোঁয়া থেকেও মুক্ত ছিল না। মার্ক রাফালোসহ একাধিক তারকা ‘ভাল থাকুন’ বার্তা সম্বলিত পিন পরেন, যা ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের গুলিতে নিহত নারী রেনি গুডের প্রতি ইঙ্গিত করে। কমেডিয়ান ওয়ান্ডা সাইকস ও অভিনেত্রী নাতাশা লিওনও এই বার্তার প্রতি সংহতি জানান। এ উদ্যোগটিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) সমর্থন করেছে।
সব মিলিয়ে এবারের গোল্ডেন গ্লোবসের লাল গালিচা ছিল গ্ল্যামার, সাহসী ফ্যাশন ও সামাজিক সচেতনতার অনন্য এক মেলবন্ধন।










































