নিকি
শরীর নিয়ে কটু কথা বলায়-এবার সমালোচনার মুখে পড়েছেন ভারতের অভিনেতা ও রিয়েলিটি শো বিজয়ী প্রিন্স নারুলা। তিনি নিকি নামের আরেক প্রতিযোগীকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন।
ঘটনার সূত্রপাত শো-এর এক পর্বে। অভিযোগ, সেখানে নিকির চেহারা নিয়ে কটাক্ষ করেন প্রিন্স।
সেই ক্লিপ নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করেন নিকি। আর সেখানেই তার সরাসরি বার্তা, ‘যদি কেউ আপনার কন্যাসন্তানের শরীর নিয়ে এভাবে মন্তব্য করত, আপনি কি হাসতেন? এটা স্ট্র্যাটেজি নয়, এটা খেলা নয়। এটা নীরবে করা বডি-শেমিং। কাপুরুষের মতো।’
নিকি আরও লেখেন,“ক্যামেরা চরিত্র বদলায় না। প্রভাবশালী হলেই অসম্মান করার লাইসেন্স পাওয়া যায় না। আড়াল থেকে কাউকে নিয়ে ঠাট্টা করা শক্তি নয়। কিছু বলার থাকলে সামনে বুক চিতিয়ে বলুন।
প্রভাব যদি দায়িত্বহীন হয়, সেটা নেতৃত্ব নয়, ওটা ব্যর্থতা।”
তাঁর এই বিস্ফোরক পোস্ট ঘিরে এরইমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ‘দ্য ৫০’, যা বানিজে এশিয়া প্রযোজিত এবং জিওহটস্টার ও কালার্স-এ সম্প্রচারিত, ভারতের অন্যতম বড় রিয়্যালিটি শো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ফরাসি সিরিজ ‘লে সিঙ্কুয়েন্তে’-এর আদলে তৈরি এই শো-এ রয়েছেন ৫০ জন প্রতিযোগী। রাজকীয় প্রাসাদ-সদৃশ সেটিং, নির্দিষ্ট নিয়মের অনুপস্থিতি এবং নানান কৌশল-রাজনীতিতে ভরা ফরম্যাট…সব মিলিয়ে নাটকীয়তার অভাব নেই।
আর সেই মঞ্চেই এবার ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হলো নতুন বিতর্ক।
অন্যদিকে, নিকি তাম্বোলির ক্যারিয়ার গ্রাফও কম রঙিন নয়। তেলুগু ছবি ‘চিকাটি গাদিলো চিথাকোটুডু’ দিয়ে অভিনয় শুরু। পরে তামিল হরর-অ্যাকশন ছবি ‘কাঞ্চনা ৩’-এ দিব্যার চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক বাজারে ১৩০ কোটিরও বেশি ব্যবসা করা ছবির অংশ হন তিনি। টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন ‘বিগ বস ১৪’-এ, যেখানে তিনি হন সেকেন্ড রানার-আপ। এরপর ‘খতরোঁ কে খিলাড়ি ১১’, ‘বিগ বস মারাঠি ৫’, এমনকী ‘সেলিব্রিটি মাস্টারশেফ ইন্ডিয়া’ প্রতিটি প্ল্যাটফর্মেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন নিকি।
অন্যদিকে, প্রিন্স নারুলাও রিয়ালিটি শো-এর একাধিক ট্রফি জয়ী মুখ -‘এমটিভি রোডিজ ১২’, ‘স্প্লিটসভিলা ৮’, ‘বিগ বস ৯’, ‘নচ বালিয়ে ৯’ সব জায়গাতেই জয় তাঁর ঝুলিতে। টেলিভিশন ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে। তবে এই মুহূর্তে তাঁর ফোকাস একটাই -রিয়্যালিটি শোয়ের রিয়্যাল আচরণ। নিকির কড়া বার্তা স্পষ্ট করে দিয়েছে, ক্যামেরার সামনে নানান কৌশল অবলম্বন করে যত খেলা-ই হোক না কেন, ব্যক্তিগত আক্রমণের সীমা কোথায় টানতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলতেই তিনি পিছপা নন।
এখন দেখার, প্রিন্স নারুলা এই অভিযোগের জবাব দেন না কি ‘দ্য ৫০’-এর রাজপ্রাসাদে এই বিতর্ককে আরও বাড়াবেন?










































