প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মিডফিল্ডার ভিতিনিয়া গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে নিজের নাম জড়ানো প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই মুহূর্তে পিএসজি ছেড়ে যাওয়া তার জন্য ‘বোকামি’ হবে।
২৬ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার জানিয়েছেন, পিএসজিতে তিনি দারুণ সময় কাটাচ্ছেন এবং ক্লাবটির সমর্থকদের ভালোবাসা পেয়েছেন। তাই এখন প্যারিস ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না।
ভিতিনিয়া বলেন, ‘এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যাওয়া? এখন পিএসজি ছেড়ে যাওয়া আমার জন্য বোকামি হবে। আমি এখানে খুব ভালো আছি। পিএসজির সমর্থকেরা আমাকে ভালোবাসেন এবং আমি মনে করি তাদের সেই ভালোবাসা অর্জন করতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘আমি এখানে থাকতে ভালোবাসি এবং আমার পরিবারও প্যারিসে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
আমাদের দলে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং অসাধারণ একজন কোচ আছেন।’
বর্তমানে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন লুইস এনরিকে। তার অধীনে খেলতে পেরে সন্তুষ্ট বলেও জানিয়েছেন ভিতিনিয়া।
এদিকে সৌদি আরবের ক্লাবগুলোর বিপুল অঙ্কের প্রস্তাব নিয়েও কথা বলেছেন এই মিডফিল্ডার।
তিনি জানান, বড় অঙ্কের অর্থের লোভে ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে চান না।
ভিতিনিয়া বলেন, ‘সৌদি আরবে গেলে অনেক টাকা পাওয়া যায়, এটা সবাই জানে। কিন্তু শুধু অর্থই সবকিছু নয়। আমি এমন একটি ক্যারিয়ার গড়তে চাই যা আমাকে তৃপ্তি দেবে। পিএসজির মতো বড় ক্লাবে আমি ইতিমধ্যে ভালোই উপার্জন করছি।
’
স্প্যানিশ গণমাধ্যমে খবর ছিল, নতুন মৌসুমে দল পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মিডফিল্ড শক্তিশালী করতে ভিতিনিয়াকে দলে টানতে চান।









































