পিসিবির নির্বাচক কমিটিতে মিসবাহ ও সরফরাজ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি পুনর্গঠন করেছে। সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক এবং সরফরাজ আহমেদকে নতুন করে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে আলিম দার পদত্যাগ করায় এই পরিবর্তন আনা হয়।

নতুন চার সদস্যের নির্বাচক কমিটিতে রয়েছেন মিসবাহ-উল-হক, সরফরাজ আহমেদ, সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ এবং সাবেক টেস্ট ব্যাটার আসাদ শফিক।

পিসিবি মনে করছে, অভিজ্ঞ নেতৃত্ব ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দল নির্বাচনের প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। বিশেষ করে জাতীয় দল বর্তমানে একটি পরিবর্তনের সময় পার করছে, তাই নির্বাচনী প্রক্রিয়ায় অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড।

উল্লেখ্য, আলিম দার ২০২৪ সালের অক্টোবর মাসে নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক কয়েকটি নির্বাচন বৈঠকে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

সূত্র মতে, বৈঠকে তার মতামত যথেষ্ট গুরুত্ব পাচ্ছিল না বলে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এছাড়া পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও দার আপত্তি তুলেছিলেন। বিশেষ করে বাবর আজম, শাদাব খান এবং উসমান খানকে দলে রাখার বিষয়ে তার ভিন্নমত ছিল।

পরিবর্তে তিনি উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে রাখার পক্ষে মত দেন।

তার মতে, যদি ফর্মে না থাকা খেলোয়াড়দেরও সমর্থন দেওয়া হয়, তাহলে রিজওয়ানও একই আস্থা ও সুযোগ পাওয়ার যোগ্য।

LEAVE A REPLY