৫ ক্রিকেটারকে একসঙ্গে নাগরিকত্ব দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ইতিহাসে প্রথমবারের মতো পাঁচজন ক্রিকেটারকে নাগরিকত্ব প্রদান করেছে। এর ফলে তিন বছরের আবাসন নীতিমালার ওপর নির্ভর না করেই সরাসরি আমিরাতের নাগরিক ও পাসপোর্টধারী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তারা। এটি সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

আমিরাতের নাগরিকত্ব লাভকারী ক্রিকেটাররা হলেন— খুজাইমা তানভীর, অজয় ​​কুমার, অক্ষদীপ নাথ, হরপ্রীত সিং ভাটিয়া এবং আদিব উসমানী।

বর্তমানে তারা ১৭ সদস্যের দলের অংশ হিসেবে দুটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেপালে অবস্থান করছেন। 

নাগরিকত্ব পাওয়ার পরপরই খুজাইমা তানভীর, আকশদীপ নাথ, হরপ্রীত সিং এবং আদিব উসমানি নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরাতের হয়ে অভিষেক হয়েছে। অজয় কুমার স্কোয়াডে থাকলেও সেই ম্যাচে একাদশে ছিলেন না।

দ্য ন্যাশনালের বরাত দিয়ে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, নাগরিত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ভারতীয় বংশোদ্ভূত অজয় ​​কুমার বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে পা রাখার দিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল।

এখন আমি এই সুযোগ পাচ্ছি এবং এর জন্য সংযুক্ত আরব আমিরাত ও সেখানকার সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।’ 

এই পদক্ষেপকে দেশটির ক্রিকেটের একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে শুধু ফুটবল, রাগবি এবং জুডোর মতো খেলায় রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নজির ছিল। 

LEAVE A REPLY