অনুশীলনের ফাঁকে চেয়ারে বসার সময় ফ্রেমবন্দি শামীম।
প্রথাগত শটের বাইরে সাধারণত ব্যাটিং করেন শামীম হোসেন পাটোয়ারী। তার অদ্ভুত সব শটের মধ্যে সর্বশেষটি সবার নজর কেড়েছে। প্রথম টি-টোয়েন্টিতে নাথান স্মিথের বলকে উইকেটের পেছন দিয়ে খেলা তার ‘নো লুক শটটি’।
ম্যাচের বয়স ৪ দিন পেরিয়ে গেলেও তাই শটটি আলোচনায়।
ছক্কা মারার শটটির নাম জানেন কিনা আজ তাই জানতে চাওয়া হয়েছিল তার কাছে। উত্তরে বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, শটটির নাম তার জানা নেই।
তৃতীয় টি-টোয়েন্টির ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শামীম বলেছেন, ‘সত্যি বলতে শটটার নাম তো আমি জানি না। এটা আমি সব সময় অনুশীলন করি নেটে।
কারণ, আমি জানি, যখন ব্যাটিংয়ে নামি, ইমপ্রোভাইজড শট খেলতে খুব পছন্দ করি। আমি এগুলো অনুশীলন করি সব সময়।’
কেন আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন সেটাও জানিয়েছেন শামীম। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক চিন্তা নিয়েই যাই যে, মারার বল পেলে মেরে দেব।
আমি যদি একটু চালু খেলতে পারি, আমার দলের জন্যই অনেক ভালো। আমার ভাবনাতেই থাকে যে, এরকম করে খেলব, একটু দ্রুতগতিতে খেলব। টি-টোয়েন্টিতে এটিই চিন্তা করি সব সময়।’









































