নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দারুণভাবে এগিয়ে চলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
৩১তম ওভারে হাসান আলীর করা শর্ট বলকে দুর্দান্ত পুল শটে সীমানার বাইরে পাঠিয়ে অর্ধশতক পূর্ণ করেন শান্ত। বাউন্সারটি ছিল চ্যালেঞ্জিং, কিন্তু তার জবাব আরো বেশি দৃষ্টিনন্দনভাবে দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
১ ছক্কা ও ৬ চারে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
ফিফটির পরও দারুণ ছন্দে ব্যাট করছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮২ বলে ৬২ রানে অপরাজিত আছেন তিনি।
সম্প্রতি টেস্টে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন শান্ত।
সর্বশেষ আট ইনিংসে তিন সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি।
অন্যদিকে মমিনুল হকও দারুণভাবে সঙ্গ দিচ্ছেন। ৯২ বলে ৪৫ রানে অপরাজিত আছেন এই অভিজ্ঞ ব্যাটার।দুজন মিলে তৃতীয় উইকেটে ইতোমধ্যে ১০৮ রানের জুটি গড়ে পাকিস্তানি বোলারদের চাপে ফেলেছেন।
৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৯ রান।











































