মাইকেল ওলিসে। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের পরবর্তী ‘গ্যালাকটিকো’ হতে পারেন মাইকেল ওলিসে। ফরাসি এই উইঙ্গারকে দলে ভেড়াতে রেকর্ড অঙ্কের প্রস্তাব প্রস্তুত করছে স্প্যানিশ জায়ান্টরা বলে জানিয়েছে ইউরোপীয় গণমাধ্যম সেন্ট্রাল ডিফেন্সা।
প্রতিবেদন অনুযায়ী, ওলিসেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে প্রায় ২০০ মিলিয়ন ইউরোর সমমূল্যের একটি প্রস্তাব নিয়ে কাজ করছে রিয়াল মাদ্রিদ। তবে পুরো অর্থ নগদে নয়, চুক্তির অংশ হিসেবে দলের দুই ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গার একজনকে ছাড়ার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘদিন ধরেই ওলিসের পারফরম্যান্সে মুগ্ধ। বিশ্বকাপেও দারুণ ছন্দে থাকা এই তারকাকে ভবিষ্যতের অন্যতম সেরা আক্রমণভাগের অস্ত্র হিসেবে দেখছে ক্লাবটি।সে কারণেই তাকে দলে ভেড়াতে বড় ধরনের বিনিয়োগে প্রস্তুত লস ব্লাঙ্কোরা।
জানা গেছে, বায়ার্ন মিউনিখ অতীতেও চুয়ামেনি ও কামাভিঙ্গার প্রতি আগ্রহ দেখিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ওলিসের ট্রান্সফার ফি কমানোর পরিকল্পনা করছে রিয়াল। চুয়ামেনির বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো এবং কামাভিঙ্গার মূল্য ধরা হচ্ছে প্রায় ৭০ মিলিয়ন ইউরো।
তবে এখনো বায়ার্ন ওলিসেকে ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। জার্মান ক্লাবটি তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে চাইলেও রিয়াল শিবির আশাবাদী, বিশ্বকাপ শেষে ওলিসে যদি নিজেই মাদ্রিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আলোচনার পথ সহজ হবে।











































