গোলের পর নাইজেরিয়ার দুই ফুটবলারের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত
মেয়েদের আফ্রিকা কাপ অব নেশনসের (ওয়াফকন) সফলতম দল নাইজেরিয়া। তবে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মালাউইয়ে কাছে অপ্রত্যাশিত হারে বড় ধাক্কা খেয়েছিল তারা।ফলে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা।
তবে দ্বিতীয় ম্যাচে দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেললেও জাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নাইজেরিয়া। এই জয়ে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার স্বপ্নও বাঁচিয়ে রাখল তারা।
মরক্কোয় চলমান ওয়াফকনই ২০২৭ নারী বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট সরাসরি ব্রাজিলে আগামী বছর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। আর কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে অভিষিক্ত মালাউইয়ের কাছে ৩-২ গোলে হেরে চাপে পড়ে গিয়েছিল নাইজেরিয়া। তাই ‘সি’ গ্রুপে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই।
রাবাতের আল মদিনা স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় নাইজেরিয়া। ফরোয়ার্ড আসিসাত ওশোয়ালার প্রথম শট জাম্বিয়ার গোলরক্ষক হ্যাজেল নালি ঠেকালেও ফিরতি বল তার ডান ঊরুতে লেগে জালে জড়িয়ে যায়। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
তবে প্রথমার্ধের শেষদিকে কঠিন পরীক্ষার মুখে পড়ে নাইজেরিয়া। ৪০ মিনিটে সেন্টার-ব্যাক ব্লেসিং ডেমেহিন জাম্বিয়ার তারকা স্ট্রাইকার বারব্রা বান্দাকে ফাউল করলে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি জোসফিন ওয়ানজিকু।পরে ভিডিও অ্যাসিট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সেটি লাল কার্ডে পরিবর্তন করা হয়।
রেফারির মতে, ডেমেহিন ছিলেন সর্বশেষ ডিফেন্ডার। যদিও রিপ্লেতে দেখা যায়, নাইজেরিয়ার রোফিয়াত ইমুরান তখনো বল কাভার দেওয়ার অবস্থানে ছিলেন।
একজন বেশি খেলোয়াড় নিয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি জাম্বিয়া। দ্বিতীয়ার্ধে র্যাচেল কুন্দানানজির দূরপাল্লার ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নাইজেরিয়ার গোলরক্ষক চিয়ামাকা নানাদোজি। যোগ করা সময়ের গভীরে গ্রেস চান্দার ভলিও বারের ওপর দিয়ে চলে গেলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুইয়ে উঠে এসেছে নাইজেরিয়া। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চমক দেখানো মালাউই।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মিসরের মুখোমুখি হবে নাইজেরিয়া। একই দিনে মালাউইয়ের বিপক্ষে খেলবে জাম্বিয়া।











































