ইসরাইল শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরের শুরুতে নির্ধারিত আলোচনায় অংশ নেবে না লেবানন। দেশটির প্রতিনিধিদলের নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ল’অরিয়ঁ-লে জুর।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল লেবাননের দাবিগুলো মেনে নেবে কি না, তার ওপরই আলোচনায় বৈরুতের অংশগ্রহণ নির্ভর করছে। এ কারণে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখও এখনো চূড়ান্ত হয়নি।
লেবাননের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ ওই সূত্র জানায়, ইসরাইল লেবাননের শর্ত মেনে না নিলে নতুন করে কোনো আলোচনা হবে না। এসব শর্তের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ ও মাটি কাটার কাজ সম্পূর্ণ বন্ধ করা।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।
এরমধ্যে মানসুরি ও নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় গোলাবর্ষণ এবং কাফর তেবনিত শহরে বড় ধরনের বোমা হামলার খবর পাওয়া গেছে।
দুই দেশের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এসব আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইল হামলায় অন্তত ৪ হাজার ৩৩৩ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও ১২ হাজার ২৫০ জন।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই









































