ওমানের সামাইল এলাকায় ট্রাকসহ একাধিক যানবাহনের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার রাতে সামাইলের ওয়াদি বানি রাওয়াহা এলাকায় সুলতান থুওয়াইনি বিন সাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাকের সঙ্গে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়। সড়কটি রাজধানী মাসকাটের দিকে যাওয়ার পথে অবস্থিত।
দুর্ঘটনার পর সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে উদ্ধার ও অন্যান্য কার্যক্রম চলার সময় মাসকাটমুখী চালকদের ধীরগতিতে গাড়ি চালানো এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রথম সতর্কবার্তায় রয়্যাল ওমান পুলিশের ট্রাফিক অধিদপ্তর দুর্ঘটনার কথা জানালেও হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। পরে শনিবার সকালে এক বিবৃতিতে ছয়জন নিহত ও ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। দুর্ঘটনাস্থল সামাইলের আল মাহাল এলাকা বলে জানানো হয়েছে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি রয়্যাল ওমান পুলিশ।
এদিকে দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
সূত্র: গালফ নিউজ










































