ম্যানচেস্টার ডার্বিতে ভিএআরের ভুল, হালান্ডের গোল নিয়ে পর্যালোচনা

হালান্ড অফসাইডে থাকলেও ভিএআর তা এড়িয়ে যায়। ছবি : ভিডিও থেকে নেওয়া

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের গোল নিয়ে বিতর্কের অবসান হলো রেফারিং কর্তৃপক্ষের স্বীকারোক্তিতে। ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ভুল সিদ্ধান্ত নিয়ে গোলটি বহাল রেখেছিল বলে জানিয়েছে প্রো রেফ।ঘটনাটি পর্যালোচনা করার কথাও জানিয়েছে তারা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি করেন হালান্ড। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন সহকারী রেফারি।

পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, হালান্ড অফসাইডে ছিলেন না। ইউনাইটেডের প্যাট্রিক দোরগুর অবস্থানের কারণে তাকে অনসাইডে পাওয়া যায়। এরপর গোলটি বহাল রাখার সুপারিশ করে ভিএআর।

তবে গোলের আগে আরেকটি ঘটনায় তৈরি হয় বিতর্ক।সিটির এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থানে ছিলেন এবং বলের দিকে এগিয়ে গিয়ে সেটিতে মাথা লাগানোর চেষ্টা করেন। তিনি শেষ পর্যন্ত বলে স্পর্শ করেননি। তাই এনজোর অবস্থান গোলের ক্ষেত্রে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে কি না, সেটি ভিএআরের কাছে ‘বিষয়ভিত্তিক’ হয়ে ওঠে।

প্রো রেফ জানিয়েছে, ভিএআর এনজোর অবস্থানের সম্ভাব্য প্রভাব যথাযথভাবে বিবেচনা করতে পারেনি। এ কারণে মাঠের রেফারিকে ঘটনাটি আবার দেখার সুপারিশ করা উচিত ছিল।

এক বিবৃতিতে প্রো রেফ বলেছে, ‘এনজো ফার্নান্দেজ বলে স্পর্শ করেননি। তাই তার অফসাইডে থাকাকে দোষ হিসেবে দেখা হবে কি না, সেটি বিষয়ভিত্তিক। তবে তার অবস্থানের সম্ভাব্য প্রভাব ভিএআর যথাযথভাবে শনাক্ত করতে পারেনি। এ কারণে মাঠের রেফারিকে ঘটনাটি পর্যালোচনার সুপারিশ করা উচিত ছিল।’

প্রো রেফ আরো জানিয়েছে, তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তটিকে বিচার-বিবেচনার ভুল হিসেবে স্বীকার করেছে। পুরো ঘটনাটি পর্যালোচনা করা হবে।

ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকও সিদ্ধান্তটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন ছিল, এত প্রযুক্তি ও পর্যালোচনার পরও কিভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো গেল না।

ফিল ফোডেন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিল সিটি। শেষ পর্যন্ত হালান্ডের ওই বিতর্কিত গোলেই ম্যানচেস্টার ডার্বি জিতেছে এনজো মারেস্কার দল। তবে ম্যাচের পর সেই গোলের বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY