সংগৃহীত ছবি
বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘দুষ্টু কোকিল’খ্যাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নাকি শিগগিরই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, সম্প্রতি এমন খবরই ছড়িয়েছে।স্বাভাবিকভাবেই তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে বিয়ে কিংবা প্রেম, কোনোটিই নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি মিমি।
অবশ্য একেবারে নীরবও থাকেননি অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে তাঁর পোস্টে বিশেষ কারো উপস্থিতির ইঙ্গিত মিলেছে।সেই মানুষটির পরিচয় অবশ্য বরাবরই আড়ালে রেখেছেন মিমি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি সেলফি প্রকাশ করেন অভিনেত্রী। মেকআপ ছাড়া এবং মেকআপ করা—দুই ধরনের ছবিই ছিল সেখানে।
ছবিগুলোর সঙ্গে মিমি লিখেছেন, ‘সেলফি কুমারী।বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার।’
ব্যস, মিমির এই ‘ওনার’ শব্দটিই উসকে দিয়েছে নতুন কৌতূহল। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু অঙ্কুশ হাজরা সুযোগ ছাড়েননি বন্ধুর সঙ্গে মজা করার। মন্তব্যের ঘরে তিনি প্রশ্ন করেন, ‘এই ওনার-টা কে?’
অঙ্কুশের প্রশ্নের জবাবে মিমিও অবশ্য বন্ধুকে ছাড় দেননি। লিখেছেন, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস।’
মিমি ও অঙ্কুশের এমন খুনসুটি অবশ্য নতুন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই একে অপরের পোস্টে মজার মন্তব্য করতে দেখা যায় তাঁদের।
তবে এবার মিমির ‘ওনার’ শব্দটি আলাদা করেই নজর কেড়েছে। কারণ এরই মধ্যে অভিনেত্রীর বিয়ের খবর নিয়ে জোর চর্চা চলছে।
শোনা যাচ্ছে, নভেম্বরেই বাগদান ও আইনি বিয়ে সারতে পারেন মিমি। এরপর ডিসেম্বরেই বসতে পারেন আনুষ্ঠানিক বিয়ের আসরে। আর সেই বিয়ে হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে, অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজনেই চার হাত এক হওয়ার কথা রয়েছে। মিমির শিকড়ও জলপাইগুড়িতে।
এদিকে বিভিন্ন সূত্রের দাবি, মিমির হবু বর চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত এবং তাঁর নাম সিদ্ধার্থ। তবে তাঁর পরিচয় কিংবা মিমির সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।











































