মিস ইউনিভার্সের মঞ্চ পেরিয়ে গুগলের চাকরিতে ফিরলেন উমাঙ্গা

সংগৃহীত ছবি

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে আলো ঝলমলে র‍্যাম্প, ফটো শুট আর মুকুটের লড়াইয়ের পর আবারও নিজের চেনা জীবনে ফিরেছেন উমাঙ্গা কুমাওয়াত। মডেলিংয়ের মঞ্চ থেকে সোজা বেঙ্গালুরুর গুগল অফিসে ফিরে ল্যাপটপ খুলে কাজে বসেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৬’-এর সেরা ২০-তে জায়গা করে নিয়েছিলেন উমাঙ্গা। প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর ১৪ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নিজের কর্মদিবসের একটি ভিডিও প্রকাশ করেন এই ইঞ্জিনিয়ার।

ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পোশাক বেছে নিয়ে ল্যাপটপ, ব্যাকপ্যাক ও ইয়ারবাড নিয়ে গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাসের উদ্দেশে বেরিয়ে পড়ছেন তিনি।

অফিসে পৌঁছে সরাসরি ডেস্কে বসেননি উমাঙ্গা। সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে চলে যান কম্পানির ওয়েলনেস সুবিধায়। সেখানে ট্রেডমিলে হাঁটার পাশাপাশি স্ট্রেচিং ও লেগ লিফট করতে দেখা যায় তাঁকে।

এরপর পোশাক ঠিক করে কাজে মন দেন তিনি।দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় তাঁর নিয়মিত অফিসের কাজ। ল্যাপটপে কাজ করার পাশাপাশি নোটবুক ও বিভিন্ন নথি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।

দুপুর ২টা ১০ মিনিটে আসে লাঞ্চের সময়। গুগলের ক্যান্টিনে খাবারের বিশাল আয়োজনের মধ্যে ছিল বিরিয়ানি, ফল ও ডেজার্ট। তবে উমাঙ্গা বেছে নেন সবজি দিয়ে তৈরি এক বাটি গরম নুডলস স্যুপ।

বিকেল ৩টার দিকে আবার ডেস্কে ফিরে কাজে বসেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে কাজের জায়গা বদলে ক্যাম্পাসের একটি শান্ত লাউঞ্জে চলে যান। বড় কাচের জানালার পাশে বসে সেখান থেকেই ল্যাপটপে কাজ চালিয়ে যান।

বিকেল সাড়ে ৫টার দিকে আসে কফি বিরতি। গুগলের চা-কফি কর্নারে একটি ইন্টার‌্যাকটিভ কিয়স্ক ব্যবহার করে গরম পানীয় নেন উমাঙ্গা।

এরপর দিনের কাজ শেষ করে লিফটে করে অফিস থেকে বেরিয়ে যান তিনি। মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চের ঝলমলে পরিবেশের সঙ্গে তাঁর এই সাধারণ অফিসজীবনের পার্থক্যই নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে অংশ নেওয়ার পাশাপাশি নিজের পেশাগত জীবনও যে সমানভাবে চালিয়ে যাওয়া যায়, উমাঙ্গার এই ভিডিওতে সেটিই ফুটে উঠেছে। মুকুটের লড়াই শেষ করে আবারও তিনি ফিরে গেছেন নিজের পরিচিত জগতে—একজন ইঞ্জিনিয়ার হিসেবে গুগলের অফিসে।

LEAVE A REPLY