ফাইল ছবি
আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে ২৮ এপ্রিল থেকে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। আইপিএল ছেড়ে এই সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমানও।
তবে বিসিবির পরিচালক আকরাম খান মনে করেন, জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া উচিত।
আজ মিরপুর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সত্যি কথা বলতে ও চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে, ব্যক্তিগতভাবে লাভবান হবে, তার সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ, জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে অনেক কিছু শিখতে পারবে। ড্রেসিংরুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সঙ্গে খেলবে। ওখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সঙ্গে খেলবে।
আমার মনে হয়, ওর সুযোগ পাওয়া উচিত।’
আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দারুণ বোলিংয়ে প্রশংসাও কুড়িয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাঁর ফর্মে ফেরা দলের জন্য ভালো হবে বলে মনে করেন আকরাম, ‘আমার কাছে যেটা মনে হচ্ছে, মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম।
কারণ ও গত এক বছর ধরে ধুঁকছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকেই যাচ্ছে, একদম যে ভালো হচ্ছে, তা না। যেহেতু ও লঙ্গার ভার্সনে খেলে না, আইপিএলে গিয়ে যদি এ রকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা বেশি লাভবান হব। এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপরও এটা নির্ভর করছে কোচিং স্টাফ, নির্বাচকদের চিন্তা-ভাবনার ওপর।
কিন্তু ও যে ভালো করছে, এটা বাংলাদেশের জন্য ভালো।’










































