টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে গত ২২ জুন সর্বক্ষণের সঙ্গী প্রিয় সারমেয়কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। এমন একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন— সিরাজ… তুমি আমার হৃদয়টাকে সঙ্গে করে নিয়ে গেছ। তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না। তোমাকে ভীষণ ভালোবাসি।
এ ঘটনার ঠিক এক মাসের মাথায় সিরাজের নামে একটি নতুন ট্যাটু করলেন সায়ন্তিকা। সেই ট্যাটু আঁকা আঙুলের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— ২২ জুনের স্মৃতিতে এই ট্যাটু করলাম। তুমি যতদিন ছিলে, রাজার মতো ছিলে, তুমি চলে গেলে রাজার মতো, সিরাজ।
ছবিতে দেখা গেছে, সায়ন্তিকার মধ্যম আঙুলে সিরাজের নামে তৈরি করা ট্যাটু। যেহেতু তিনি তার সারমেয়কে রাজার মতো মানুষ করেছিলেন, তাই সিরাজের নামের আগে রাজার মুকুটের ছবি খোদাই করেছেন অভিনেত্রী। শুধু এই ট্যাটু আঁকা ছবি নয়, আরও একটি ছবি সায়ন্তিকা পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে থাকতে দেখা যায় সিরাজের সঙ্গে।
তবে শুধু সিরাজ নয়, রাস্তার কুকুরদেরও সমান ভালোবাসতেন অভিনেত্রী। পশুপ্রেমী সায়ন্তিকাকে মাঝে মধ্যেই চারপেয়ে সন্তানদের ছবি পোস্ট করতে দেখা যায় সামাজিক মাধ্যমে। কাজের বাইরে যতক্ষণ সময় পান, তার সবটুকুই তিনি উজাড় করে দেন এ নীরব শিশুদের জন্য।
উল্লেখ্য, সায়ন্তিকা একাধিক টালি সিনেমায় অভিনয় করেছেন একসময়। প্রথম অভিনয় করেছিলেন জিতের বিপরীতে। এরপর নবাব, কেলোর কীর্তি, অভিমান, হিরোগিরিসহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অঙ্কুশের সঙ্গে ‘ফিক্সড ডিপোজিট’ নামক একটি সিনেমায় অভিনয় করেন সায়ন্তিকা। সেই সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে তাকে। তবে এখন অভিনেত্রী পুরোপুরি রাজনীতিবিদ। বরানগরের সংসদ সদস্য হিসেবেই এখন তার পরিচিতি।









































