জেরেমি জ্যাকেট
ইংলিশ জায়ান্ট লিভারপুল প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লিগ ওয়ানের ক্লাব রেনেসের তরুণ ডিফেন্ডার জেরেমি জ্যাকেটকে দলে নেওয়ার চুক্তিতে পৌঁছেছে। তবে এখনই অ্যানফিল্ডে যাচ্ছেন না এই ডিফেন্ডার, আগামী গ্রীষ্মকালীন দলবদলের সময় লিভারপুলে যোগ দেবেন তিনি।
বিশ্বস্ত ফুটবল ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, জ্যাকেট ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মত হয়েছেন। তবে রেনেসের কোচ হাবিব বে মৌসুমের মাঝপথে তাকে ছাড়তে রাজি হননি বলেই গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে লিভারপুলকে।
২০২৪ সালে রেনেসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় জ্যাকেটের। এরপর তাকে ধারে পাঠানো হয়েছিল ক্লারমঁ ফুটে। চলতি মৌসুমে রেনেসে ফিরে এসে তিনি নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। লিগ ওয়ানে রেনেসের বেশিরভাগ ম্যাচেই তাকে মাঠে দেখা গেছে, যেখানে তার রক্ষণভাগের দৃঢ়তা নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর।
লিভারপুলের জন্য এই চুক্তিটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। দলের বর্তমান সেন্টার-ব্যাক ইব্রাহিম কোনাতে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হতে পারেন। পাশাপাশি অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও জো গোমেজের চুক্তির মেয়াদও শেষের পথে। অন্যদিকে তরুণ ডিফেন্ডার জিওভানি লিওনি বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে।











































