রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রাজ চক্রবর্তী

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ এপ্রিল। এবার রাজ্যে জয় পেয়েছে বিজেপি, আর পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার মাত্র দু’দিন পরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন পরিচালক ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী।

২০২১ সালে রাজনীতিতে যোগ দেন রাজ।

তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। এরপর পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারেও সক্রিয় ছিলেন তিনি। কিছুদিন আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে একটি তথ্যচিত্রও পরিচালনা করেছিলেন।

তবে এবারের নির্বাচনে পুরনো কেন্দ্র থেকে লড়েও জয় পাননি রাজ। ফল প্রকাশের পরই নিজের রাজনৈতিক জীবনের ইতি টানার কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজ লেখেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি৷ একজন পরিচালক হিসাবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও হেরেছি, কখনও জিতেছি।২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ৷ মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পাঁচ বছর ধরে সেই ভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।’

একই পোস্টে নতুন সরকারকেও শুভেচ্ছা জানান তিনি।

রাজ লেখেন, ‘বাংলার মানুষের মতামতে নতুন সরকার এসেছে। আগামী ৯ মে ২০২৬-এ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।’

নির্বাচনের সময় ব্যারাকপুরে রাজের রোড শো ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও ফল ঘোষণার দিন গণনাকেন্দ্রের বাইরে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। সে সময় ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে জানা গেছে। 

অভিযোগ রয়েছে, তাকে লক্ষ্য করে কাদা ও ঘুঁটেও ছোড়া হয়। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি রাজ।

এদিকে রাজের পরাজয়ের পর তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সোশ্যালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেখানে তিনি বোঝাতে চেয়েছেন, রাজই তাদের জীবনের নায়ক এবং এই পরাজয় যেন কোনোভাবেই তার মনোবল ভেঙে দিতে না পারে।

LEAVE A REPLY