ছবি : সংগৃহীত।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে যে জল্পনা চলছে। সেই অপেক্ষার অবসান হতে পারে আজ রাতেই। নতুন নির্বাচিত বিধায়কদের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছেছেন।
আগামীকাল শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
এদিকে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে রাজভবন। রাজ্যপাল আর. এন. রবির দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ মে (বৃহস্পতিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
প্রশাসনিক সূত্র বলছে, বিধানসভা ভেঙে দেওয়ার মানে হলো বর্তমান সরকারও কার্যত আর নেই। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভা এখন প্রাক্তন সরকার হিসেবে গণ্য হবে, যদিও তারা ইস্তফা দেননি।
তবে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করেননি এবং নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবেও কোনো নির্দেশ দেননি।
আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যসহ শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে যান এবং সেখানে পূজা দেন। এরপর তিনি নিউ টাউনের একটি হোটেলে যান।দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিজয়ী প্রার্থীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন অমিত শাহ।
দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকেই রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে পরাজিত করার কারণে মুখ্যমন্ত্রী পদে তার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছ।
ভোট প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গে আসবেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার সকালে তিনি দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতায় আসার কথা রয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে বিকেলে তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।










































