হাঁটুর চোট নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন বাবর আজম। পাকিস্তান দলের ঘনিষ্ঠ সূত্রের খবর, মেডিক্যাল পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় দ্রুতই সুস্থতার পথে রয়েছেন এই তারকা ব্যাটার।
প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করেন বাবর। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এমআরআই করানো হয়।
মেডিক্যাল দলের পরামর্শে বাংলাদেশ সফরের প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয় সাবেক এই অধিনায়ককে।
তবে সূত্র জানিয়েছে, ম্যাচ থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত বাবরের ছিল না। ভবিষ্যৎ ম্যাচগুলো মাথায় রেখেই টিম ম্যানেজমেন্ট তাকে প্রথম টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে অনুশীলনে পুরোপুরি অংশ নিয়েছেন বাবর এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দেও ফিরছেন তিনি।
আগামী ১৬ মে সিলেটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে পাকিস্তানের একাদশে বাবরের ফেরার সম্ভাবনাই বেশি।











































