ছবি : রয়টার্স
কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলায় একজন নাবিক নিহত এবং আরো দুজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে পানামার মেরিটাইম অথরিটি (এএমপি) এ খবর জানিয়েছে।
এএমপি জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার (১৮ জুন) ঘটেছে এবং আহত নাবিকদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা আরো জানায়, জাহাজটি তার নির্ধারিত পথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
ড্রোন হামলাটি কোথা থেকে করা হয়েছিল তা এএমপি জানায়নি, তবে জাহাজগুলোকে কৃষ্ণ সাগর এবং উত্তরে আজভ সাগরে ইউক্রেনীয় ও রুশ জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পানামা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নিবন্ধন ব্যবস্থা পরিচালনা করে। বিশ্বের প্রায় ১৬ শতাংশ বাণিজ্যিক জাহাজ পানামার পতাকা ব্যবহার করে চলাচল করে।











































