বাঁয়ে বৈভব, ডানে কোচ লক্ষ্মণ। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে চেনা ছন্দে ব্যাটিং না করতে পারলেও জিম্বাবুয়ের সফরে ঠিকই জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪৯ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেছে ১৫ বছরের এই ক্রিকেটার।একের পর এক রেকর্ড গড়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছে তিনি। এই দুরন্ত পারফরম্যান্সের পরেও বৈভবের উন্নতির একটি জায়গা রয়েছে বলে জানালেন ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ।
জিম্বাবুয়েকে ৩-০-তে ধবলধোলাই সিরিজ জিতেছেন শ্রেয়াস আইয়াররা। সিনিয়র দলের হয়ে এই সিরিজেই দুটি হাফ সেঞ্চুরি করেছেন বৈভব।সেই অভিজ্ঞতা তুলে ধরে লক্ষ্মণ বলেন, ‘যেটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে, তা হলো মানুষ হিসেবে বৈভবের পরিবর্তন। গত ছয় মাসে ও মানসিকভাবে আরো পরিণত হয়েছে। খেলা বোঝার ক্ষমতা এবং সচেতনতা অনেক বেড়েছে। সেই কারণেই কঠিন পরিস্থিতি সামলাতে পারছে।বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে চাপের মধ্যেও ভালো খেলছে। তবে আমরা চাই ও ফিটনেসে আরো উন্নতি করুক।’
যেকোনো ক্ষেত্রেই বৈভবের শেখার ইচ্ছা এবং দলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতা আলাদা করে নজর কেড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
এই নিয়ে লক্ষ্মণ বলেন, ‘ও নিজের খেলার প্রতিটি দিকে আরো উন্নতি করতে চায়। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়ার পরেও মাঠে থাকতে চাইছিল।কিন্তু আমাদের ফিজিও ওকে মাঠের বাইরে যেতে বলেন। দলের জন্য সব রকমভাবে অবদান রাখার যে আগ্রহ ওর মধ্যে রয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।’
বয়সের কথা মাথায় রেখে ধাপে ধাপে ফিটনেস এবং শারীরিক সক্ষমতা বাড়াতে পারলে ভবিষ্যতে আরো বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে যোগ করেন ভারতের অন্তর্বর্তী দায়িত্ব নেওয়া এই কোচ।









































