নতুন অর্থ-বছর থেকেই নবম জাতীয় বেতন কাঠামো শুরুর ঘোষণা দিয়েছে সরকার। সংসদে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ঘোষণা দিয়ে জানান, জুলাই থেকেই কার্যকর।তবে জুলাই পার হয়ে গেলেও এবিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি।
ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পুরোনো বেতন কাঠামো অনুযায়ীই বেতন গ্রহণ করছেন। অর্থ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পর জুলাই মাস থেকে কার্যকর হওয়া অতিরিক্ত বেতন এরিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে।এতে চাকরিজীবীদের আর্থিক প্রাপ্য নিয়ে কোনো জটিলতা থাকবে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং (যাচাই-বাছাই), বিধিবদ্ধ আদেশ (এসআরও) নম্বর গ্রহণ এবং সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন প্রকাশের মতো বেশ কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করতে হয়। এই আইনি ও প্রশাসনিক বাধ্যবাধকতার কারণেই প্রজ্ঞাপন জারিতে সময় লাগছে।










































