বিকেএসপির প্রয়াত শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিম। ছবি: সংগৃহীত
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দশম শ্রেণির কারাতে শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিকেএসপি কর্তৃপক্ষের দাবি, গত ২৮ জুলাই রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জিম।
তবে বিকেএসপির মতো একটি সুসংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, দোষীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে।
কক্সবাজারের মহেশখালীর সন্তান জিম ছোটবেলা থেকেই কারাতে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন।মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও বিকেএসপিতে শোকের ছায়া নেমে এসেছে।











































