ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) এবং সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান। ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর গদি নড়বড়ে হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তোপের মুখে পড়া ইনফান্তিনো ফিফার ইভেন্টগুলোকে বেসরকারিকরণের পরিকল্পনা করে ক্ষমতা হারানোর শঙ্কায়।বিশেষ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে সরাতে আটঘাট বেঁধে নেমেছে। এর মাঝেই আশার আলোর দেখা পেলেন তিনি।
ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএইএফএ)। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন এবং সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষায় ইনফান্তিনোর নেতৃত্বকে তারা সমর্থন দিয়ে যাবে।
সম্প্রতি বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেয় ফিফা। এই পরিকল্পনা ঘোষণার পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফুটবল সংস্থা তীব্র আপত্তি জানায়। ক্রমবর্ধমান বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ফিফা প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়।
এরপরই শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে ইনফান্তিনোর সিদ্ধান্তকে স্বাগত জানায়।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবটি প্রত্যাহারের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য অটুট রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ফুটবল, সমর্থক এবং বৃহত্তর ক্রীড়া সমাজের স্বার্থ বিবেচনায় রেখে যেকোনো নতুন প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।
শেখ হামদান বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন এবং বৈশ্বিক ফুটবল পরিবারকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে যেসব উদ্যোগ নেওয়া হবে, সেগুলোর প্রতি সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন অব্যাহত থাকবে।’
বিবৃতির শেষাংশে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে ইউএইএফএ জানিয়েছে, ফিফার বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তারা সেই নেতৃত্বের পাশেই থাকবে।











































