সংগৃহীত ছবি
ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব কখনোই ছিল না, তবে বৈভব সূর্যবংশীর মতো এমন উল্কার বেগে উত্থান সম্ভবত সাম্প্রতিক সময়ে আর দেখেনি ক্রিকেট বিশ্ব। স্বয়ং শচীন টেন্ডুলকারের কম বয়সে অভিষেকের রেকর্ড ভেঙে মাত্র ১৫ বছর বয়সেই টিম ইন্ডিয়ার জার্সিতে খেলে গড়েছেন নতুন ইতিহাস।আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে নিজের নাম খোদাই করে নিয়েছেন এই বিস্ময় বালক।
বৈভবের ক্রিকেট যাত্রার সীমানা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, তা সময় বলবে। তবে এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে নিজের মজবুত স্থান তৈরি করে ফেলেছেন তিনি। ২২ গজে তার চোখধাঁধানো ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে এবার বিশ্বখ্যাত বড় বড় ব্র্যান্ডগুলোর নজর পড়েছে তার ওপর।করপোরেট দুনিয়ায় হাত বাড়ানোর প্রতিযোগিতায় অনেকেই ইতিমধ্যেই দীর্ঘমেয়াদি চুক্তি পাকা করে ফেলেছে।
বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে শেষ মৌসুমে ঝড় তোলার পর ব্র্যান্ডগুলোর মধ্য তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। আকাশচুম্বী চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এন্ডোর্সমেন্ট ফি-ও এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন বৈভব। শোনা যাচ্ছে, প্রতিটি চুক্তি স্বাক্ষর করতে তিনি নাকি এখন হাঁকাচ্ছেন ১ কোটি রুপিরও বেশি!
মাত্র ১৫ বছর বয়সেই বৈভবের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৭ থেকে ১০ কোটি রুপি।আইপিএলের মেগা বেতন, ম্যাচ ফি, ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক ও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা স্পন্সরশিপের চুক্তি থেকেই মূলত আসছে অর্থের এই জোয়ার।
কৈশোরের গণ্ডি এখনো পেরোননি বৈভব। তাই স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের এই সংবেদনশীল মোড়ে এসে অতিরিক্ত বাণিজ্যিক ব্যস্ততা থেকে ছেলেকে দূরে রাখতে চাইছে তার পরিবার। তবে পরিবার ঢাল হতে চাইলেও বাণিজ্যিক দুনিয়ার চাকা থামার নাম নেই।
ইতিমধ্যেই অন্তত পাঁচটি বড় ব্র্যান্ডের সঙ্গে স্থায়ী চুক্তি সম্পন্ন করেছেন বৈভব সূর্যবংশী।স্পোর্টস ইক্যুইপমেন্টের মধ্যে সবার আগে এগিয়ে এসেছে ঐতিহ্যবাহী ‘এসএস ব্যাটস’ (সারিন স্পোর্টস)। যদিও শচীনের মতো তিনি এমআরএফ ব্যাটের স্পন্সর পাননি, তবে এসএসের সঙ্গে বার্ষিক প্রায় ৫০ লাখ রুপির সরঞ্জাম চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। বৈভবের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগাতে বাজারে বিশেষ ‘বৈভব সূর্যবংশী এডিশন’ ব্যাটও চালু করেছে এসএস।
বাণিজ্যিক তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে পুষ্টি পানীয় ব্র্যান্ড ‘কমপ্ল্যান’। তাদের জনপ্রিয় ‘থোড়া প্ল্যান, থোড়া কমপ্ল্যান’ বিজ্ঞাপনের নতুন আইকন এখন এই তরুণ। সঠিক পুষ্টি ও কঠোর নিষ্ঠার গল্প তুলে ধরা এই ব্র্যান্ডের সঙ্গে বৈভবের ম্যাচিং যেন একেবারে পারফেক্ট! পিছিয়ে নেই বৈশ্বিক টেক জায়ান্ট গুগল। তাদের ‘গুগল পে’-র তারুণ্যকেন্দ্রিক প্রচারণায় যুক্ত হয়েছেন তিনি। টিনএজারদের মধ্যে সচেতনতা বাড়াতে নিরাপদ অর্থ ব্যবস্থাপনার বার্তা দিচ্ছেন মাঠে ঝড় তোলা এই ব্যাটার।
রেড বুলের সঙ্গেও যুক্ত হয়েছেন বৈভব। আইপিএল চলাকালে রাজস্থান রয়্যালসের সতীর্থ ধ্রুব জুরেলের সঙ্গে রেড বুলের এক থ্রিলিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ৩০ বলে ৬০ রান করে বাজিমাত করেছিলেন। এ ছাড়া বৈভবের প্রচারণার ঝুলিতে যুক্ত হয়েছে সরকারি ব্র্যান্ডিং-ও। গত মে মাসে তরুণ সমাজকে ফিট ও সুস্থ থাকতে অনুপ্রাণিত করতে ঝাড়খণ্ড রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর বৈভবকে তাদের অফিশিয়াল ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে ঘোষণা করে।











































